এফএনএস : করোনা মহামারিতে সরকারের দেওয়া প্রণোদনায়ও দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার বিকেলে করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের তৈরি ‘অ্যাপস’ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, করোনায় যে প্রণোদনা দেওয়া হয়েছে সেখানেও পুরোপুরিভাবে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। জনগণের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন একটি সরকার। যেহেতু তাদের কোনো জবাবদিহিতা নেই, সেজন্য মানুষের জীবন-জীবিকার প্রশ্নেও তাদের কোনো দায়িত্ববোধ নাই।
সেই দায়িত্বহীনতার কারণে, জবাবহীনতার কারণে আজকে গোটা জাতিকে একটা চরম বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণে সরকারের ব্যর্থতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, প্রকৃত পক্ষে মহামারি শুরু হওয়ার পর থেকে সরকারের চরম অযোগ্যতা ও অজ্ঞানতা এই করোনাভাইরাসকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে কারোনা চিকিৎসার জন্যে সরকারের তরফ থেকে সেই ধরনের কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।
তিনি বলেন, একদিকে করোনা টেস্টে মিথ্যাচার অন্যদিকে চিকিৎসার ক্ষেত্রে সম্পূর্ণ ভ্রষ্টাচার করে, দুর্নীতি করে তারা দেশটাকে চরম বিপদের মধ্যে ফেলে দিয়েছে। স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে, চরম ভঙ্গুর একটা স্বাস্থ্যখাত এই সরকার তৈরি করেছে। সরকারের ব্যর্থতা-অযোগ্যতায় গোটা জাঁতি আজকে বিপদের সম্মুখীন হয়েছে।
করোনা মহামারির মতো এরকম সংকট গণতান্ত্রিক সরকার ছাড়া মোকাবিলা করা সম্ভব নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা, গণতান্ত্রিক একটা সরকার তৈরি করা, গণতান্ত্রিক একটা পার্লামেন্ট তৈরি করা যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে জনগণের প্রতি দায়িত্ববোধ থাকবে, যেখানে মানুষের সাথে সম্পর্ক থাকবে সেই ধরনের একটা ব্যবস্থা আমাদের তৈরি করা দরকার।
তিনি বলেন, আসুন এই ফ্যাসিস্ট দানব সরকার যারা আমাদের সব কিছু তছনছ করে দিয়েছে তাদের সরিয়ে সত্যিকার অর্থে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে যেটা প্রয়োজন আমরা সবাই মিলে সংগ্রাম করি, লড়াই করি। অবশ্যই আমরা সেই সংগ্রামের জয়ী হবে ইনশাল্লাহ।