২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সরকার যেখান থেকে পারে টিকা সংগ্রহ করবে : কাদের

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
সরকার যেখান থেকে পারে টিকা সংগ্রহ করবে : কাদের
বিজ্ঞাপন

এফএনএস : করোনার ভ্যাকসিন নিয়ে কারো সঙ্গে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই, জনগণকে বাঁচাতে যেখান থেকে পারে সরকার ভ্যাকসিন সংগ্রহ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবার অভিন্ন শত্রু করোনাকে মোকাবিলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

গতকাল বুধবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। শেখ জামাল বঙ্গবন্ধু পরিবারের সাহস ও মেধার যে রাজনীতি তারই অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ জামালের জন্মদিনে শপথ হোকÑবাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ট্রাজেডি থেকে জাতিকে মুক্তি দিতে হবে।

যে যেই দল করুক হত্যার রাজনীতি কারো কাম্য নয়। ১৯৭৫ এর নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিলেন, তারাও কিন্তু রেহাই পাননি, হত্যা হত্যাকেই ডেকে আনে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর এই নৃশংস হত্যাকাণ্ড না হলে আরেক একটি খুনির দল জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত না। জিয়াউর রহমান নিজেই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন এবং তার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির উদ্দেশে বলেন, হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করুন। সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন শেখ হাসিনাকে রাজনীতি থেকে কীভাবে সরিয়ে দেওয়া যায় সেই ষড়যন্ত্র করছে। বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে হত্যা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের পথ থেকে সরে আসার আহবান জানান ওবায়দুল কাদের।

শেখ জামালের সমাধিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, মহিলা শ্রমিক লীগ, শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন