ভাঙচুর ও মারধর সিরাজগঞ্জ পৌরসভা কাউন্সিলর গ্রেপ্তার
এফএনএস : বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সড়ক সম্পাদক মো. আরজুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরজু সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মৃত হযরত আলীর ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, পৌর কাউন্সিলর আরজুর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগে দুটি মামলা রয়েছে। এসব মামলায় গতকাল রোববার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জানা যায়, গত ১ এপ্রিল সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক নাট্য ব্যক্তিত্ব আলাউদ্দিন আলীর ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। এরপর ৬ এপ্রিল ওই মামলার সাক্ষী শহিদুল ইসলামকে রাতের অন্ধকারে কুপিয়ে আহত করার ঘটনায় কাউন্সিলর আরজুর বিরুদ্ধে পৃথক আরও একটি মামলা দায়ের হয়।
