নাটোরে ট্রাকচাপায় ২ মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
এফএনএস : নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক শিক্ষক। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় নাটোর-বগুড়া মহাসড়কে উপজেলার ফেরিঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক খলিলুর রহমান এবং একই মাদ্রাসার শিক্ষক বেলাল হোসেন।
আর এ ঘটনায় আহত শিক্ষকের নাম আবদুল হামিদ। সিংড়া থানা পুলিশের এসআই কিশোর কুমার রায় বলেন, সকাল সাড়ে ৭টায় মোটরসাইকেল করে তিন মাদ্রাসা শিক্ষক সিংড়ার চলন বিলে এতিম শিশুদের জন্য ধান সংগ্রহ করতে যাচ্ছিলেন। পথে পুরান ফেরিঘাট সংলগ্ন সিংড়া ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুই মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়। আহত হন আরও একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
