লালপুরে ভেজাল গুড় সংরক্ষণের দায়ে জেল-জরিমানা
স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণ সহ বিক্রয়ের অপরাধে রবিউল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুর ১ টার দিকে উপজেলার পুরাতন ঈশ্বরদীর এয়ার পোর্ট মোড় এলাকার সরদার মার্কেটে র্যাব-৫ সিপিসি-২ এর নাটোর ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার সালাহউদ্দিন মির্জার নেতৃত্বে অভিযান চালিয়ে ২শ কেজি ভেজাল গুড়,১শ কেজি চিনি, ১২ কেজি ফিটকিরি ও
১০ কেজি সাদা আটা জব্দ করে এবং রবিউল ইসলাম কে হাতে নাতে আটক করে বলে জানা গেছে। পরে জব্দকৃত মালামাল সহ রবিউল ইসলাম কে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্ব প্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে রবিউল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১লাখ টাকার অর্থদণ্ডের রায় দেন তিনি। রবিউল ইসলাম ওই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।
