ঈশ্বরদীতে হেরোইনসহ ইউপি মেম্বার আটক
ঈশ্বরদী সংবাদদাতা : ঈশ্বরদীতে হেরোইনসহ হাবিবুর রহমান হাবিব (৩৫) নামের এক ইউপি মেম্বারকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ^রদী সার্কেল ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের সারফুদ্দিনের বাড়ির পাশ থেকে হেরোইনসহ তাঁকে আটক করে। আটক হাবিব মেম্বার উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। তাঁর বাবা ফজর আলী মালিথা ওই ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি।
এলাকাবাসী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ^রদী সার্কেল অফিস সুত্র মতে, হাবিবুর রহমান হাবিব মেম্বার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে পাবনা ও ঈশ্বরদীর সীমান্তবর্তি লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুরে হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছিলেন। ঘটনার দিন সকালে হাবিব মেম্বারের নিকট দুই কেজি হেরোইন থাকার খবর পায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই খবরের ভিত্তিতে প্রথমে চার লক্ষ টাকার হেরোইন ক্রয় করে বিষয়টি নিশ্চিত হয়।
এরপর দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেল অফিসের পরিদর্শক ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাবিব মেম্বারকে হেরোইনসহ আটক করেন। এই সময় হাবিব মেম্বারের নিকট থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয় বলে দাবী করে প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচুর পরিমাণ হেরোইন থাকার কারণে হাবিব মেম্বারের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাবও করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেল অফিসের ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, আটক হাবিব মেম্বারের নিকট থেকে ৫০০ গ্রাম নয়, ৪/৫গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যা আলামত হিসেবে রাখা হয়েছে। তিনি আরো জানান, হাবিব মেম্বার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ঈশ^রদী ও পাবনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একাধিক মাদক মামলা রয়েছে।
