ভোলাহাটে জমির ক্যানেল থেকে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফসলী জমির মধ্যে ক্যানেলের ভিতর ইটভাটা শ্রমিকের লাশ পাওয়া গেছে। গতকাল সোমবার (১৯ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার ভোলাহাট-শিবগঞ্জ রাস্তা সংলগ্ন গোহালবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধুমবালু ব্রীজ সংলগ্ন ক্যানেলের ভিতর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। নিহত ইটভাটা শ্রমিক বজরাটেক ঈদগাহপাড়া গ্রামের আলী মোহাম্মদের ছেলে বাবুল আলী (৩৬)। লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জাহিদুর রহমান, ভোলাহাট থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহবুবুর রহমানসহ পুলিশের একটি দল।
ইটভাটা মালিক ও ইউপি সদস্য ইমরান আলী জানান, বাবুল তার ইটভাটায় শ্রমিক দেখাশোনার কাজ করতেন। নিহত বাবুল প্রতিদিনের মতো রবিবার (১৮ এপ্রিল) ইটভাটাতে সারাদিন কাজ করে সন্ধ্যায় বাড়ী চলে যান। পরদিন (সোমবার) সকালে পায় বাবুলের লাশ ক্যানেলের ভিতর পাওয়া গেছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে তিনি কিডনী রোগে ভুগছিলেন।
স্থানীয় যুবক তরিকুল ইসলাম জানান, নিহত বাবুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। মাদক সেবনের জন্য তার কিডনী অকেজো হয়ে পড়েছিল। এদিকে রবিবার বাবুল ইটভাটায় কাজে এসে প্রতিদিনের মতো সন্ধ্যায় বাড়ী না গেলে তার স্ত্রীসহ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নেন। পরে মাঠের মধ্যে রাস্তার পাশে ক্যানেলের ভিতর স্বামীর লাশের খবর পেয়ে ছুটে যান বলে জানান স্ত্রী ডলি বেগম। ভোলাহাট থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
