২৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চুয়াডাঙ্গায় উপজেলা ভাইস চেয়ারম্যানের ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ৪:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
চুয়াডাঙ্গায় উপজেলা ভাইস চেয়ারম্যানের ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার সামনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ঘুষিতে ইসরাফিল মণ্ডল (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল মণ্ডল দামুড়হুদা উপজেলার পীরপুর কুল্লা গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুর দুইটার দিকে দামুড়হুদা মডেল থানায় জমিজমা-সংক্রান্ত একটি বিষয়ে আপস মীমাংসায় বসে ইসরাফিল গ্রুপ এবং অপর পক্ষের নজু মোল্লা গ্রুপ।

আপস মীমাংশার একপর্যায়ে ইসরাফিল গ্রুপের লোকজন থানা থেকে বের হয়ে দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামকে গালমন্দ করতে থাকে। এ সময় ভাইস চেয়ারম্যান উত্তেজিত হয়ে ইসরাফিল মণ্ডলকে ঘুষি মারেন। এতে ইসরাফিল মণ্ডল গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। দামুড়হুদা মডেল থানার ওসি আবদুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন