নওগাঁয় দখলকৃত জমি ফেরতের দাবীতে মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-৬ আসনের প্রয়াত সাংসদ ইসরাফিল আলমের জবর দখল করা জমি তার সহধর্মিণী সুলতানা পারভীন বিউটির দখল ধরে রাখা জমি ফেরতের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগীরা। গতকাল সোমবার বেলা ১২টায় রানীনগর উপজেলার কাশিমপুর রাজবাড়ী সংলগ্ন নওগাঁ-আত্রাই সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়।
স্থানীয় ভুক্তভোগী এবং কাশিমপুর ইউনিয়ন আ’লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগী খলিলুর রহমান, আব্দুল হান্নান, ওমর ফারুক, বাচ্চু প্রমূখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, প্রয়াত সাংসদ ইসরাফিল আলম তার গুন্ডা বাহিনী দিয়ে প্রকাশ্য দিবালোকে জোর করে ধান কেটে নিয়ে প্রাচীর দিয়ে আমাদের জমি জবর দখল করে পল্লী শ্রী সমন্বিত কৃষি প্রদর্শণী খামার তৈরি করেন।
আমরা বাধা দেয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু সাংসদের ক্ষমতার দাপটে আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। জমি হারিয়ে অনেকে মৃত্যু বরণ করেছে। অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা এখনো চলমান রয়েছে। তার মৃত্যুর পরে তার স্ত্রী সুলতানা পারভীন একইভাবে জমি জবর দখল করে রেখেছেন। আমরা আমাদের জমি ফেরত চাই।
