ঈশ্বরদীর সিএনপি পাম্পের সামনে আবারও ভ্যান চালকের মৃত্যু
ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীতে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় তাইজল ইসলাম (৫৮) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে ঈশ^রদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর সিএনজি পাম্প স্টেশনের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক উপজেলা সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সংযোগ সড়ক থেকে ভ্যান চালিয়ে তাইজল সিএনজি গ্যাস পাম্পের সামনের মহাসড়ক পার হচ্ছিলেন। এই সময় দাশুড়িয়া থেকে কুষ্টিয়াগামী এক দ্রুতগামী মাইক্রোবাস তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ভ্যান চালক গুরুতর আহত হন। লোকজন উদ্ধার করে ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে ঘাতক মাইক্রোবাসটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত কোন কোম্পানির গাড়ি।
মোড়ের দোকানদাররা অভিযোগ করে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য আসা পাথর, বালি, রড, সিমেন্টসহ বিভিন্ন ইকুপমেন্টে বোঝায় গাড়ি কুষ্টিয়া-দাশুড়িয়া মহাসড়কে দীর্ঘক্ষণ ধরে রাস্তার দুইপাশ দিয়ে দাঁড়িয়ে থাকে। আবার বিআরবি কোম্পানির সিএনজি পাম্পে গ্যাস নিতে আসা বিভিন্ন ধরণের যানবাহনের কারণে রূপপুর মোড় থেকে নতুনহাট মোড় পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করা দুরপাল্লার কয়েক শত যানবাহনকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
এই সময় স্বাভাবিক চলাচল ব্যহৃত হয়। প্রায়ই প্রাণহানির মতো দূর্ঘটনা ঘটছে। আর ছোট ছোট দূর্ঘটনা তো দৈনন্দিন ব্যাপার বলেও তারা মন্তব্য করেন। পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বাবুল জানান, ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করার চেষ্টা চলছে।
