গাইবান্ধায় আ. লীগ নেতার বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
এফএনএস : গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মাসুদ রানার বাসা থেকে হাসান আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাসুদ রানাকে (৪৬) আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে শহরের খানকা শরীফ এলাকা থেকে লাশটি উদ্ধার। হাসান আলী শহরের থানা পাড়ার মৃত হযরত আলীর ছেলে।
তিনি শহরে আফজাল সুজ নামে জুতা- স্যান্ডেলের ব্যবসা করতেন। গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, স্থানীয়দের খবরে শহরের খানকা শরীফ এলাকার বাসিন্দা মাসুদ রানার বাড়ি থেকে হাসান আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ সময় বাড়ি মালিককে জিজ্ঞাসাবাদেরর জন্য আটক করা হয়। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, স্থানীয়রা জানান মাসুদ রানা সুদে টাকা লেনদেন করতেন। হাসান আলীর কাছে তার সুদের টাকা পাওয়া ছিল। ওই টাকা আদায়ের জন্য হাসানকে নিজ বাড়িতে আটকে রাখেছিলেন মাসুদ রানা। টাকা পরিশোধ করতে না পেরে হাসান আলী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি তাদের।
