২৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১, ৯:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক (৫২) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় নজিপুর-বদলগাছী সড়কের বদলগাছী আবহাওয়া অফিসের পশ্চিম পাশে দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল খালেক জেলার মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের নাউরাইল পূর্বপাড়া গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল খালেক সকালে বাড়ি থেকে বদলগাছী উপজেলার দিকে আসছিলেন। পথিমধ্যে নজিপুর-বদলগাছী সড়কের বদলগাছী আবহাওয়া অফিসের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল সজোরে বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে আব্দুল খালেক মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে থানায় মামলা হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন