২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পাবনায় ট্রাকচাপায় বাবা-মেয়ের মৃত্যু

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১, ৪:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পাবনায় ট্রাকচাপায় বাবা-মেয়ের মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : পাবনায় বালুবাহী ট্রাকের চাপায় বাবা আলমগীর হোসেন (৩৮) ও মেয়ে সিনহা (৬) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মা নাসরিন আক্তার (৩২)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার সদর উপজেলার তারাবাড়িয়া বাজারে সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের সেলিম মোল্লার ছেলে। পাবনা সদর থানার এসআই রাসেল কবীর জানান, আলমগীর হোসেন তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেল করে পাবনা শহর থেকে সুজানগরের দিকে যাচ্ছিলেন।

পথে তারাবাড়িয়া বাজার এলাকায় পৌঁছালে আলমগীরের ফোনে কল আসার পর তিনি মোটরসাইকেল থামান। এরপর তিনি মোটরসাইকেলে বসেই কথা বলছিলেন। এ সময় বালুবাহী একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা আলমগীর ও মেয়ে সিনহা মারা যায়। গুরুতর আহত হন আলমগীর হোসেনরে স্ত্রী নাসরিন। স্থানীয়রা তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পাবনা সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়। আহতকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, ঘটনার পর পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি ভাঙচুর করে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন