বগুড়ায় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
এফএনএস : বগুড়ায় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় সমিতির টাকা লেনদেনকে কেন্দ্র করে ৬৫ বছর বয়সী মোজাহার আলী নামের এক বৃদ্ধকে মারপিট ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মারধরের শিকার মোজাহার আলী বগুড়া সদর উপজেলার বুজরুক বাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ওই এলাকার মোজাহার আলী ও তার ছেলে হাতেম আলী ১০ বছর আগে একটি সঞ্চয় সমিতি চালু করেন। সমিতিটি দেউলিয়া হয়ে গেলে সদস্যরা টাকার জন্য চাপ দিয়ে আসছিলেন। গতকাল শুক্রবার সকালে সমিতির সদস্যরা স্থানীয়দের নিয়ে তার বাড়ি দখল করতে যান।
এ সময় মোজাহার বাধা দিলে তাকে মারপিট ও শ্বাসরোধ করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ জানান, পাওনা টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে। তবে তিনি কীভাবে মারা গেছেন সেটা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে। তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এখনও কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু: বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল মোমিন (৩৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। মৃত আবদুল মোমিন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামের আহের আলীর ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আবদুল মোমিন নিজ শয়নঘরের বিদ্যুতের তার মেরামত করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তিনি। এরপর স্বজনরা অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই আবদুল মোমিনের মৃত্যু হয়েছে।
ভটভটি উল্টে যুবকের মৃত্যু: বগুড়ার কাহালুতে শ্যালো মেশিন চালিত ভটভটি উল্টে পাশের খাদে পড়ে আরিফুর রহমান জুয়েল (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার দরগাহাট সড়কের দামাই হাসান জুটমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল কাহালু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জামতলা গ্রামের আকতার হোসেনের ছেলে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কাহালু থেকে ভটভটি যোগে জেলার সারিয়াকান্দি উপজেলায় শোকসভায় যোগ দিতে রওনা হন আরিফুর রহমান জুয়েল।
উপজেলার দরগাহাট সড়কের দামাই হাসান জুটমিল এলাকায় ভটভটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। ভটভটিতে থাকা আরিফুর রহমান জুয়েল, রেজুয়ান হক ও শাহাদত হোসেন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফুর রহমান জুয়েলকে মৃত ঘোষণা করেন। বগুড়ার কাহালু থানার (এসআই) নাজমুল হক বলেন, এ ঘটনায় আহত দুইজন চিকিৎসাধীন রয়েছে। জুয়েলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
