ধামইরহাটে ছাত্রদলের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া
ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মারপিটের ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
জানা গেছে, গত ১৯ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে আবু মুসা সাজুকে আহবায়ক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা করে। পরবর্তীতে নওগাঁ জেলা ছাত্রদল ওই কমিটি অনুমোদন করে। আহবায়ক কমিটি অনুমোদনের পর ছাত্রদলের একটি গ্রুপ গত ২৫ মার্চ সদ্যগঠিত আহবায়ক কমিটির কতিপয় সদস্যের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে।
ওই সংবাদ সম্মেলনের জবাব দেওয়ার জন্য বর্তমান আহবায়ক কমিটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলন শুরুতে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক বর্তমান জেলা ছাত্রদলের সহসভাপতি রুহেল হোসেন সুমন উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন। তার বক্তব্য শেষ না হতে অপর পক্ষের নেতাকর্মীরা এসে হট্টগোল শুরু করে এবং এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে তর্কবিতর্ক ও মারপিট শুরু হয়।
পরবতীতে দলীয় কার্যালয়ের বাহির ধামইরহাট-নওগাঁ সড়কে দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। তাৎক্ষনিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং নেতাকর্মীদেরকে হটিয়ে দেয়। হামলায় বর্তমান আহবায়ক কমিটির যুুগ্ম আহবায়ক আব্দুর রউফসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।
