ভারত থেকে পালিয়ে আসা ৩ রোহিঙ্গা সিরাজগঞ্জে আটক
এফএনএস : ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারী তিন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১২। গত মঙ্গলবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মিয়ানমারের সিত্তে (আকিয়াব) জেলার বুসিডং থানার ইয়াংছাং (সিদ্ধিপানপাড়া) এলাকার সিকান্দরের ছেলে বেলাল (৪৮), তার স্ত্রী মোছা. ইয়াসমিন (২৬) ও মংডু থানার বুসিডং রাইমাসিল এলাকার আলমগীরের ছেলে মো. রিয়াজ (১৮)।
তাদের সঙ্গে ৩ বছর ও ২১ মাস বয়সী দুই শিশু রয়েছে। গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ। তিনি জানান, সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা বাজার এলাকায় র্যাব-১২’র একটি দল টহলরত অবস্থায় তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে।
এ সময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করেন, তারা অবৈধভাবে ভারতীয় রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাদেরকে আটক করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ৪টি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ১৯২০ সালের পাসপোর্ট আইনের ৩ (৩) ধারায় মামলা দিতে উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
