চাঁপাইনবাবগঞ্জে কয়েদীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মুরশেদ আলী নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মৃত্যুবরণ করে। মৃত কয়েদী মুরশেদ আলী, ভোলাহাট উপজেলার বীরশ্বেরপুর গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। মুরশেদের কয়েদী নং ৮৭৮।
জেলা সুপার মজিবুর রহমান মজুমদার জানান, মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে মুরশেদ অসুস্থ হলে কারাগার মেডিকেলে তার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তারপরও সে সুস্থ না হলে তাকে সকাল সোয়া ৭টার দিকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৫৫ মিনিটে সে মৃত্যুবরণ করে।
তিনি আরও জানান, মুরশেদ মাদকসেবী ছিল। মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদন্ড দেয় এবং গত বছরের ২৬ নভেম্বর তাকে কারাগারে নেয়া হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান জেল সুপার।
