নিয়ামতপুরে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
নিয়ামতপুর প্রতিনিধি : নিয়ামতপুরে পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গুড়িহারী টিকরামপুর গড়গড়িয়াপাড়া গ্রামের নূর মোহাম্মদের পুকুরে। পানিতে ভাসমান অবস্থায় ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আশে পুলিশের উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেনসহ সঙ্গীয় ফোর্স। পরদিন মঙ্গলবার ইউডি মামলা দায়ের করে মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার বিকালের দিকে গুড়িহারী টিকরামপুর গড়গড়িয়াপাড়ার গ্রামের নূর মোহাম্মদের পুকুরে চরন নামের এক ব্যাক্তি শামুক কুড়াতে গেলে দেখে মানুষের মরদেহ ভেসে আছে। ঘটনাটি গ্রামবাসীকে জানালে তারা ইউপি চেয়ারম্যানকে সংবাদ দেয়। বিকাল ৪টার দিকে গ্রামবাসীদের নিকট থেকে সংবাদটি শুনে ইউপি চেয়ারম্যান নিয়ামতপুর থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় আনে।
সংশ্লিষ্ট নিয়ামতপুর সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে মানুষের মরদেহর ঘটনাটি মুঠোফোনে গ্রামবাসী তাকে জানালে তিনি পুলিশকে সংবাদ দেন। এ ঘটনায় ওসি হুমায়ন কবির জানান, মরদেহটি বাদনেহেন্দা গড়গড়িয়া পাড়ার মৃত শ্রী নুরুর ছেলে গুপিয়া (৩৫)। তিনি আরও জানান, থানায় ইউডি মামলা দিয়ে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
