১৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধামইরহাটের গুরুত্বপূর্ণ সড়ক খানাখন্দে ভরা

প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ৯:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ধামইরহাটের গুরুত্বপূর্ণ সড়ক খানাখন্দে ভরা
বিজ্ঞাপন

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সড়ক খানাখন্দে ভরা। বর্তমানে এ রাস্তা দিয়ে প্রায় ১০-১২ গ্রামের মানুষ চলাচল করে। তবে রাস্তার কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হওয়ায় জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষা মওসুম শুরুর আগে এ রাস্তা মেরামত করতে না পারলে পুরো রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়বে। তবে বর্ষা শুরুর আগে রাস্তা নির্মাণের কথা জানিয়েছেন পৌরসভার মেয়র আমিনুর রহমান।

জানা গেছে, ধামইরহাট পৌরসভায় অন্তর্গত ধামইরহাট বাজার নিমতলীর মোড় থেকে বালিকা বিদ্যালয়, কাশিয়াডাঙ্গা ক্বওমী মাদ্রাসা, বালুপাড়া, কাশিয়াডাঙ্গা, ধামইরহাট মহিলা কলেজ সড়কটি টিএন্ডটিতে গিয়ে ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে গিয়ে মিলিত হয়েছে। সড়কটি পৌরসভার অন্তর্ভূক্ত হলেও কয়েক বছল পূর্বে এটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এলাকার জনগণের চলাচলের স্বার্থে পাকাকরণ করে। বর্তমানে রাস্তাটির অবস্থা খুবই শোচনীয়। বিশেষ করে উত্তর চকযদু কবরস্থান থেকে কাশিয়াডাঙ্গা মাদ্রাসা হয়ে বাখরপুর মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার খুবই লাজুক।

রাস্তার কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় ইট বালু উঠে গিয়ে মাটি বের হয়েছে। মইশড় গ্রামের ফিরোজ হোসেন বলেন,এ রাস্তা দিয়ে ধামইরহাট বাজারে যেতে এক কিলোমিটার রাস্তা কম হয় এবং সহজে যাওয়া যায়। পৌরসভার অন্তর্গত দক্ষিণ চকযদু গ্রামের ফারুক হোসেন বলেন,রাস্তাটি দিয়ে প্রায় ১০-১২টি গ্রামের শিক্ষার্থীরা ধামইরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। তাছাড়া গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করার জন্য এ রাস্তা ব্যবহার করে থাকে।

রাস্তাটি প্রশস্ত ও নতুন করে কার্পেটিং করা খুবই জরুরী। এদিকে এলাকাবাসী ও রাস্তা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞজনরা জানান,সরকার রাস্তা নির্মাণে প্রচুর টাকা ব্যয় করছে। কিন্ত রাস্তা নির্মাণে ব্যবহৃত মালামালের গুনগত মান ঠিক না থাকা এবং বিটুমিন ব্যবহারে সঠিক তাপমাত্রা না থাকার কারণে রাস্তা নির্মাণের কিছু দিন পর কার্পেটিং উঠে যায। ফলে সরকারের প্রচুর অর্থ ব্যয় হলেও জনগণের কোন উপকারে আসে না। তাই রাস্তা নির্মাণে মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার,বিটুমিনের সঠিক তাপমাত্রা ঠিক রাখা সর্বোপরি সঠিক তদারকির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে ধামইরহাট পৌরসভার মেয়র মো.আমিনুর রহমান বলেন, ওই রাস্তাটি আমি পরিদর্শন করেছি। গুরুত্বপূর্ণ রাস্তাটি নতুন করে কার্পেটিং করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে দরপত্র প্রক্রিয়ায় যেতে পারবো। আগামী বর্ষা শুরুর পূর্বে রাস্তাটি নির্মাণ সম্ভব হবে। তাছাড়া রাস্তাটি যাতে টেকসই হয় সে ব্যাপারে রাস্তা নির্মাণের সময় সর্বাত্মক নজরদারী থাকবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন