নওগাঁয় মাদক মামলায় দুই ব্যক্তির কারাদন্ড
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মাদকদ্রব্য রাখার অপরাধে এক ব্যক্তির যাবজ্জীবন এবং অন্য আর এক ব্যক্তির ১৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। রোববার দুপুরে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। মামলা পরিচালনা করেন- রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারী কৌঁশলী আজিজুল হক ও আসামিদের পক্ষে অ্যাড. শাহরিয়ার হোসেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নাচোল গ্রামের বাসিন্দা জুয়েল রানা (৩৯) যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ও একই গ্রামের মিলন আলীর (২৯) ১৫ বছর সশ্রম কারাদন্ড।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর-গাবতলী সড়কের ভাবিচা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়ামতপুর থানা পুলিশ। এসময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী জুয়েল রানা ও মিলন আলী নামে দুইজনকে দাঁড় করিয়ে শরীর তল্লাশী করা হয়।
পরে জুয়েল রানার নিকট থেকে ১০০ গ্রাম হেরোইন ও মিলন আলীর নিকট থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। তারা মাদকদ্রব্যগুলো অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারার ১ (খ) ও ৯(ক) উপধারায় মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ রায় প্রদান করেন বিচারক মেহেদী হাসান তালুকদার। এসময় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত জুয়েল রানা’র নগদ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড এবং ১৫ বছর কারাদন্ডপ্রাপ্ত মিলন আলীর নগদ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
