সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জের ধরে অস্ত্রের আঘাতে ভূট্টো মোল্লা (৪০) নামে একজন মারা গেছেন। নিহত ভূট্টো মোল্লা ওই গ্রামের মৃত বনো মোল্লার ছেলে। গত শনিবার রাতে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ফকির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল রোববার সকালে এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ ৩ জনকে আটক করেছে। এরা হলেন, নিহত ভূট্টোর ভাই সিদ্দিক মোল্লা, ভাবি শ্রিমতি বেগম এবং ভাতিজা শফিকুল এর স্ত্রী আরিফা খাতুন। -এফএনএস
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার রাতে সিদ্দিক মোল্লা এবং ভূট্টো মোল্লার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিবার অন্যান্য সদস্যদের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় ভূট্টো গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।
অপরদিকে, মারামারি ঠেকাতে গিয়ে সিদ্দিক মোল্লার আরেক ভাই নবীরুল এবং ভূট্টোর স্ত্রী গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।