চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে একটি প্রাইভেট বিদ্যালয় মালিকের একতলা বাড়ির জানালার কার্নিশ থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে জেলা শহরের নিমতলা মোড়স্থ “ডে কেয়ার স্কুল” মালিক আব্দুল্লাহ হাসানের বাড়ি থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে ককটেল দুটি দেখতে পেলে ৯৯৯-এ ফোন দেন বাড়ির মালিক আব্দুল্লাহ হাসান। পুলিশ এসে নিশ্চিত হয় সেগুলো ককটেল।
পরে অবিস্ফোরিত ককটেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজফফর হোসেন মুঠোফোনে জানান, নিমতলা থেকে জরুরী সহায়তা কেন্দ্রের ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে খবরটি দেয়া হয়। এতে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে। এসময় কালো ও লাল টেপে মোড়ানো দুটি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেননি বলেও জানান তিনি।