প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বাড়বে: রাসিক প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরে নগরীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে এসব প্রকল্প বাস্তবায়নের পথ আরও সুগম হবে বলে আশা করছেন তাঁরা।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তারেক রহমান রাজশাহী সফরে আসছেন। তাঁকে স্বাগত জানাতে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত ও উচ্ছ্বসিত। রাজশাহীবাসীও প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে রাজশাহীতে আসছেন। রাজশিয়া সফরের সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
নগরীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুলগফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি হয়ে বরেন্দ্র জাদুঘর ও ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, ৩০টি ওয়ার্ডে খেলার মাঠের উন্নয়ন ও ফুটসাল মাঠ নির্মাণ এবং জ্যেষ্ঠ নাগরিকদের জন্য পার্ক নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। সেই ধারাবাহিকতায় রাজশাহীতেও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে থাকা হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকাজও চলমান রয়েছে।
অতীতের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে মাহফুজুর রহমান রিটন বলেন, বিএনপি সরকারের আমলে রাজশাহীতে স্কুল-কলেজ, রাস্তাঘাট ও রেলস্টেশনসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবারও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী মহানগরীকে আরও এগিয়ে নিতে চান তাঁরা।
এর আগে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
