নওগাঁয় হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৪ চালকের জরিমানা
স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৪টি পরিবহনের চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত হাইড্রোলিক হর্নগুলো ধ্বংস করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ সদরের বরুনকান্দি বাইপাস এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান।
জানা যায়, অননুমোদিত মানমাত্রার শব্দ সৃষ্টি করায় ৪টি গাড়ির চালকের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাদের মোট ৪ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি গাড়িগুলো থেকে হাইড্রোলিক হর্ন খুলে নিয়ে জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানের সময় চালক ও পথচারীদের মাঝে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন পরিবহনের গায়ে শব্দদূষণ বিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন সংশ্লিষ্টরা। এ ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল। পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, জনস্বার্থে ও পরিবেশ দূষণ রোধে প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট এবং সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
