রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ও বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি বৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিএনপির থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে নগরীর বাটার মোড় থেকে র্যালিটি শুরু হয়ে মালোপাড়া, মনিচত্বর ও জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি গিয়ে শেষ হয়। র্যালি শুরুর আগে বাটার মোড়ে র্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে নেতৃবৃন্দের নেতৃত্বে র্যালি বাটার মোড়ে সমবেত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
এ সময় বক্তব্য রাখেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।
গোদাগাড়ী
গোদাগাড়ী প্রতিনিধি : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ীতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় গোদাগাড়ী সদর দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেসকো চেয়ারম্যান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব:) মো: শরীফ উদ্দীন। গোদাগাড়ী উপজেলা বিএনপি, গোদাগাড়ী পৌরসভা ও কাঁকন হাট পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল।
তানোর
তানোর থেকে প্রতিনিধি : রাজশাহীর তানোরে নানা আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ-উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলের দিকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিশাল র্যালী বের হয়। গোল্লাপাড়া বাজারস্থ বরেন্দ্র ভবন সংলগ্ন দলীয় কার্যালয় থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
বাগমারা
বাগমারা প্রতিনিধি : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাগমারায় নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভবানীগঞ্জ বাজারে আয়োজিত র্যালিতে বাগমারা উপজেলা বিএনপি, ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি, তাহেরপুর পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেয়া হয়। র্যালিতে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভবানীগঞ্জ বাজারের প্রধান সড়কগুলো। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডি. এম. জিয়াউর রহমান জিয়া। প্রধান বক্তা ছিলেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মোঃ সামসুর রহমান মিন্টু। সভায় সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক।
দুর্গাপুর
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : আনন্দ শোভাযাত্রা, পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্যে দিয়ে রাজশাহীর দুর্গাপুরে উদযাপিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দুর্গাপুর ফাযিল মাদ্রাসায় এসে শেষ হয়। উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় দুর্গাপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল।
নওগাঁ
নওগাঁ প্রতিনিধি : ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁয় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার(১লাসেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। শোভাযাত্রা ও আলোচানা সভায় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজমুল হক সনি, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু ও শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন , সদর উপজেলা বিএনপি সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, পৌর বিএনপি সভাপতি ডা. মিজানুর রহমানসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বদলগাছী
বদলগাছী প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় চৌরাস্তার মোড় থেকে এমপি ফজলে হুদা বাবুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বদলগাছী মিনি স্টেডিয়াম মাঠে এক আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মাননীয় সংসদ সদস্য ৪৮, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের এমপি ফজলে হুদা বাবুল।
