১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ইউএনওকে লাঞ্ছনা ও কার্যালয়ে তালা নাচোলে ২ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ইউএনওকে লাঞ্ছনা ও কার্যালয়ে তালা নাচোলে ২ ইউপি চেয়ারম্যান বরখাস্ত
বিজ্ঞাপন

নাচোল থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস এর বিরুদ্ধে জনসম্মুখে মানহানিকর বক্তব্য প্রদান ও কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন, ১নং কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল-মেহরাব এবং ৩নং নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।
গত ২৪ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বরখাস্তের নির্দেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট ‘ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬’-এর আওতায় নাচোল উপজেলায় স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ওই ফলাফল প্রত্যাখ্যান করে উপজেলা পরিষদ চত্বরে অকৃতকার্য পরীক্ষার্থীদের এবং বিএনপি সমর্থিত লোকজন জমায়েত হয়ে উপজেলা প্রশাসন ঘেরাও কর্মসূচি পালন করে।
এ সময় কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল-মেহরাব এবং নাচোল সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নাচোল উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তিকর, মানহানিকর ও অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেন। একপর্যায়ে তারা প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ করে সরকারি কর্মকর্তাদের অফিস কক্ষ থেকে বের করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
স্থানীয় সরকার বিভাগ জানায়, সংশ্লিষ্ট দুই চেয়ারম্যানের এমন কর্মকাণ্ড ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’-এর ৩৪(৪)-এর (ঘ) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আইনটির ৩৪(১) ধারা অনুযায়ী তাদের নিজ নিজ পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে তাদের এ ধরনের আচরণ শিষ্টাচার, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও প্রশাসনিক শৃঙ্খলার চরম পরিপন্থী। তারা পদে বহাল থাকলে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত হবে এবং তা জনস্বার্থ বিঘ্নিত করবে। এ কারণেই তাদের বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন