৩১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সাপাহার কলেজে ডাস্টবিন স্থাপন করল ছাত্রদল

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
সাপাহার কলেজে ডাস্টবিন স্থাপন করল ছাত্রদল
বিজ্ঞাপন

তোফায়েল আহমেদ, সাপাহার : পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁর সাপাহার সরকারি কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী ডাস্টবিন স্থাপন করেছে কলেজ ছাত্রদল। শিক্ষার্থীদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে সচেতন করতেই নেওয়া হয়েছে এ উদ্যোগ। সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব অস্থায়ী ডাস্টবিন স্থাপন করা হয়। উদ্যোগটি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি ক্যাম্পাসের নান্দনিক পরিবেশ বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডাস্টবিন স্থাপনকালে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আল হেলাল, সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, সাধারণ সম্পাদক রিপন হাসান, সিনিয়র সহ-সভাপতি শাকের আলীসহ সংগঠনের নেতাকর্মীরা। আয়োজকরা বলেন, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা শুধু কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব নয়, এটি প্রত্যেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত দায়িত্ব। শিক্ষার্থীরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে ক্যাম্পাস যেমন পরিচ্ছন্ন থাকবে, তেমনি গড়ে উঠবে পরিবেশ সচেতন একটি প্রজন্ম। তারা আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন