বানেশ্বরে পথ হারানো দুই স্কুলছাত্রীকে পরিবারের কাছে ফেরাল ট্রাফিক পুলিশ
স্টাফ রিপোর্টার : রাজশাহীর বানেশ্বরে পথ হারিয়ে ফেলা স্কুল ড্রেস পরিহিত দুই শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বানেশ্বর ট্রাফিক পুলিশ। পুলিশের এই মানবিক পদক্ষেপে স্বস্তি ফিরেছে পরিবারে এবং স্থানীয়দের প্রশংসায় ভাসছেন সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বানেশ্বর ট্রাফিক মোড়ে স্কুল ড্রেস পরা দুটি শিশুকে কাঁদতে দেখে এগিয়ে যান সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট টিপু। তিনি তাৎক্ষণিকভাবে শিশু দুটিকে ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে আসেন এবং ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুতালেবুর রহমানের কাছে হস্তান্তর করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া দুই শিশুই স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। টিফিনের বিরতিতে স্কুল থেকে বের হয়ে একটি ভ্যানে চড়ে তারা বানেশ্বর বাজারে চলে আসে। এরপর পথ হারিয়ে দিকবিদিক ঘুরতে থাকে এবং বাড়ি ফেরার পথ চিনতে না পেরে কান্নাকাটি শুরু করে।
পরবর্তীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় তাদের পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়। জানা যায়, শিশু দুটির বাড়ি রাজশাহীর পবা থানার অন্তর্গত তরফ পারিলা গ্রামে। পরিবারের সদস্যরা ট্রাফিক বক্সে পৌঁছালে যাচাই-বাছাই শেষে নিরাপদে তাদের কাছে শিশুদের বুঝিয়ে দেওয়া হয়। সন্তানদের অক্ষত ও নিরাপদ অবস্থায় ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। ট্রাফিক পুলিশের এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকায় স্থানীয় পথচারী ও এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
