২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আরবে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ প্রবাসীর দাফন সম্পন্ন

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
আরবে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ প্রবাসীর দাফন সম্পন্ন
বিজ্ঞাপন

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। একই মাঠে একসঙ্গে সাতজনের এই জানাজা দেখতে স্বজনসহ হাজারো মানুষ ভিড় জমায়। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
নিহত প্রবাসীরা হলেন, আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।
সূত্রে জানা যায়, সৌদি দূতাবাসের প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে সৌদি অগ্নিকাণ্ডে পরিচয় শনাক্ত হওয়া নয় প্রবাসীর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এর মধ্যে সাতজনের বাড়ি আত্রাই উপজেলায়। বিমানবন্দর থেকে প্রশাসনের সহায়তায় রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাইয়ে নিয়ে আসা হয়।
সকালে যৌথ জানাজায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এবং আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
জানাজা শেষে এমপি শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে নিহতদের পরিবারকে প্রাথমিক সহযোগিতা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এই সহায়তা অব্যাহত থাকবে। দুর্ঘটনায় নিহত বাকিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার কাজও চলছে।”
জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে মরদেহ নিয়ে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের উদ্দেশ্যে রওয়ানা হন স্বজনরা। একসঙ্গে সাত তরুণের এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন