সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা, লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর সাপাহারে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা ও নিজ দায়িত্বে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার শর্তে ভাটা মালিকের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় নির্মাণাধীন ‘স্টার ব্রিক’ নামের একটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ।
অভিযান সূত্রে জানা যায়, কোনো রকম আইনি অনুমোদন না নিয়েই কৃষিজমি দখল করে ওই ভাটা নির্মাণের কাজ চলছিল। বিষয়টি নজরে আসার পর কিছুদিন আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ভাটা মালিককে ডেকে অবৈধ নির্মাণকাজ বন্ধ রাখার কঠোর নির্দেশ ও সতর্কবার্তা দিয়েছিলেন।
তবে প্রশাসনের নির্দেশ তোয়াক্কা না করে আড়ালে কাজ চালিয়ে যাওয়ায় রোববার সেখানে আচমকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা নগদে আদায় করা হয়। অভিযান শেষে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ইটভাটা স্থাপনের সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার লাল কার্ড ঝুলিয়ে দেয় প্রশাসন। সেই সঙ্গে ভাটা তৈরিতে ব্যবহৃত সব ধরনের সরঞ্জাম নিজ দায়িত্বে ও খরচে সরিয়ে নিতে ভাটা মালিকের মুচলেকা নেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ধ্বংস করে ও আইন বুড়ো আঙুল দেখিয়ে অনুমোদনহীন ইটভাটা বানানোর চক্রান্ত বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
