রাজশাহীতে নারী উদ্যোক্তাদের পণ্য ও প্রশিক্ষণ নিয়ে জমজমাট আয়োজন
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পণ্যের প্রচারের লক্ষ্যে জমকালো আয়োজন করেছে স্মার্ট ইন্টারপ্রিনিয়াস ওয়ার্ড ও নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ। আয়োজনে উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে মোট ৭৫টি স্টল স্থাপন করা হয়। অনুষ্ঠানে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণের সভাপতি মোছাঃ মৌসুমী আক্তার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলিট ফাউন্ডেশনের সভাপতি মোঃ আশিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উই ট্রিট ট্রাভেল এজেন্সির সভাপতি মোঃ মারুফ রহমান, গ্রুপ মডারেটর ফাতেমা নাজনীন প্রিয়া, নিতু আফরোজ, আদনান ও ইমতিয়াজ আহমেদসহ উদ্যোক্তা, প্রশিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজনে উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এর মধ্যে ছিল ড্রেস মেকিং, ব্লক-বাটিক, ক্যাটারিং, বিউটি পার্লার, কুকিং ও বেকিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ। এসব প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজেদের উদ্যোগকে আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে বলে জানান আয়োজকরা। ৭৫টি স্টলে নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক, হস্তশিল্প, খাবারসহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। এতে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরার পাশাপাশি নিজেদের ব্যবসা ও ব্র্যান্ড পরিচিতি বাড়ানোর সুযোগও তৈরি হয়। আয়োজকরা বলেন, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে শুধু প্রশিক্ষণ নয়, বাজারসংযোগ ও পণ্য প্রদর্শনের সুযোগও প্রয়োজন। এ ধরনের আয়োজন নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বক্তারা নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
