২২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আরএমপিতে পুনঃস্থাপিত হলো খালেদা জিয়ার নামফলক

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
আরএমপিতে পুনঃস্থাপিত হলো খালেদা জিয়ার নামফলক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালে আরএমপির (রাজশাহী মেট্রোপলিটন পুলিশ) শুভ সূচনা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যক্রম শুরুর ঐতিহাসিক স্মারক হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থাপন করা নামফলকটি দীর্ঘ সময় পর পুনঃস্থাপন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সেই ঐতিহাসিক ফলকটি উন্মোচন করা হয়। বেলা সোয়া ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে নামফলক পুনঃস্থাপন ও উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) প্রতিষ্ঠিত হয়েছিল। ভূমিমন্ত্রী বলেন, ১৯৯২ সালে বেগম খালেদা জিয়া রাজশাহীতে এসেছিলেন। তিনি এই আরএমপি প্রতিষ্ঠা করেন। আরএমপি আজ সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে। দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, সমগ্র জাতি তার জন্য কাঁদে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়তে লড়তেই তিনি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আজকের দিনে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। মন্ত্রী বলেন, অতীতে বিএনপি সরকারের আমলে রাজশাহীর মানুষ খুব ভালো ও সচ্ছল ছিল। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি, ফ্যাসিবাদের আমলে অবৈধভাবে চোরাচালান এবং মাদকদ্রব্যের ব্যবসা করে অনেকেই শত শত কোটি টাকার মালিক বনে গেছে। এ রকম মাদক এবং মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে আরএমপি’কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ইতোমধ্যে আরএমপি সকলের আস্থা অর্জন করেছে। আমরা চাই, আইন নিজস্ব গতিতে চলুক। এমনকি আমার সন্তানও যদি কোনো অন্যায় করে-তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন জানিয়ে মিজানুর রহমান মিনু বলেন, আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ সমৃদ্ধ হবে, সুখী হবে দেশের মানুষ। নামফলক উন্মোচনের পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবিরের সভাপতিত্বে এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান এবং প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন