রাজশাহীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৭০ মামলা ৩৭ যানবাহন আটক
স্টাফ রিপোর্টার : সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিত ও আইন লঙ্ঘন প্রতিরোধে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের সমন্বয়ে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৭০টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ৩৭টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয়। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, নগরীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও যান চলাচল নিরাপদ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
