দুর্গাপুরে এমপির ঐচ্ছিক তহবিল থেকে অনুদান ও ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের ঐচ্ছিক তহবিল থেকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে অনুদান ও ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুদান ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শুকনা খাবার, ঢেউটিন এবং নগদ অর্থসহ বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক ও অসহায় মানুষের জীবনমানের উন্নয়ন এবং তাদের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রামের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা বলেন, বাংলাদেশ সামাজিক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ ও মতের পার্থক্য ভুলে সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সমাজের অসহায়, নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী পঞ্চনন্দন সরকার, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর হোসেন বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মর্তুজা প্রমুখ।
