৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় এক বৃদ্ধকে সন্ত্রাসী কায়দায় হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় এক বৃদ্ধকে সন্ত্রাসী কায়দায় হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে ইটভাটায় হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ভাটামালিক মকছেদ আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের মীরপুর এলাকায় হাজেরা ব্রিকস নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার আজিজার রহমান (৬১) গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন আজিজার রহমান জানান, গোবিন্দপুর গ্রামের সোহেল রানার সঙ্গে সতিহাট বাসস্ট্যান্ড এলাকার কিছু জমি নিয়ে ভাটামালিক মকছেদ আলীর বিরোধ চলছে। তিনি সোহেল রানার পক্ষে জমিসংক্রান্ত কাগজপত্র দেখাশোনা করতেন। এ কারণে মকছেদ আলী ও তার লোকজন তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল।
তিনি অভিযোগ করেন, শনিবার রাত ৯টার দিকে বিনয়বাজার থেকে বাড়ি ফেরার পথে আছির মোল্লার বাড়ির সামনে পৌঁছালে মকছেদ আলীর জামাই লিটন ও কাজল নামে এক ব্যক্তির নেতৃত্বে ১৫-২০টি মোটরসাইকেলে আসা একদল লোক তার পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মীরপুর এলাকার হাজেরা ব্রিকস ইটভাটায় নিয়ে যাওয়া হয়। সেখানে হাত-পা বেঁধে তাকে অমানুষিকভাবে মারধর ও নির্যাতন করা হয়।
আজিজার রহমানের ভাতিজা মাসুদ রানা বলেন, ‘চাচাকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে আমরা গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে ইটভাটায় যাই। সেখানে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।’
তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন হাজেরা ব্রিকসের মালিক মকছেদ আলী। তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমার ইটভাটায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’ মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন