৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বগুড়া-সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

প্রকাশিত: ৭ আগস্ট ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ | বিভাগ: lead
বগুড়া-সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত
বিজ্ঞাপন

বগুড়া সদরের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় বাসের চাপায় ছয় দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (০৭ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার জনের পরিচয় মিলেছে। তারা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জের আমিরুল ইসলাম, নূর আলম ও বগুড়া সদরের ফাঁপোড় এলাকার বেলাল হোসেন এবং জয়পুরহাটের তাজমুল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এসব তথ্য জানিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদরের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বগুড়া-নওগাঁ সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে আসা দিনমজুররা অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। আহত জন কয়েকজন। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন আরও চার জন মারা যান।
এদিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়কে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুর্ঘটনাস্থলে ৭ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। এই দুর্ঘটনায় কিশোরগঞ্জের বাউল শিল্পী পেহেলি ভৈরবী মারা গেছেন। ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, হাসপাতালে তিন বছর বয়সী শিশু ফাইজা ও তিতন নামে (২২) আরেকজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঘটনাস্থলে মারা গেছে সাত জন। ঘটনাস্থলে মারা যাওয়াদর মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- কিশোরগঞ্জের ঢুলিয়ারপারের লক্ষীপুর গ্রামের হাজী শফিক উদ্দিনের ছেলে হাজী মঈনুল ইসলাম (৫৫) ও সিলেট নগরীর সোবহানিঘাটের বাসিন্দা প্রীতম দাশ (২২)। হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের এসপি রেজাউল করিম জানান, বেপরোয়া গতি ও ওভারটেকিং প্রবণতার কারণেই ওসমানীনগরে সড়কে প্রাণ ঝরলো তিন বছরের শিশুসহ ৯ জনের। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আনিসুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহতদের সাত জন ঘটনাস্থলে এবং একজন ওসমানী হাসপাতালে মারা গেছে। ওসমানী নগরের সাংবাদিক কয়েস আহমদ জানান, দুর্ঘটনায় কিশোরগঞ্জের শিল্পী পেহেলি ভৈরবী মারা গেছেন বলে পুলিশ তাদের জানিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন। ঘটনার পর পরই শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন