পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ
স্টাফ রিপোর্টার : রাজশাহীকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে দ্বিতীয় দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার ২ ও ৩ নম্বর সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে রাজশাহী কলেজের খালি জায়গায়ও বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ উপস্থিত অতিথিরা নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং নগরজুড়ে সবুজায়ন সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, মো. মারুফ হোসেন জীবন, মো. শফিকুল ইসলাম শ্যামল, মোহাম্মদ জয়নাল আবেদীন, মো. নাইম ইসলাম, মোহাম্মদ তোরাব আলী পারভেজ, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, মোহাম্মদ আজিম উদ্দিন সোহাগ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল ইসলাম ডলারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, আরডিএর উদ্যোগে শুরু হওয়া এ বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম দিনে আরডিএ পার্কে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।
