পবায় উপকারভোগীদের অটোরিকশা ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ
স্টাফ রিপোর্টার : দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তুলতে রাজশাহীর পবা উপজেলায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর ১২টায় পবা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উপকরণের চাবি ও কাগজপত্র তুলে দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণে শুধু আর্থিক সহায়তা নয়, টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সবচেয়ে কার্যকর উদ্যোগ। অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিনের মতো আয়বর্ধক উপকরণ উপকারভোগীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। তিনি আরও বলেন, সরকার পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মমুখী প্রকল্প বাস্তবায়ন করছে এবং এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, সরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রান্তিক মানুষের জন্য টেকসই জীবিকার ব্যবস্থা করা হচ্ছে। এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার করলে উপকারভোগীরা নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। তিনি সবাইকে দায়িত্বশীলভাবে প্রকল্পের সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে পবা উপজেলা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রতিনিধিসহ উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
