সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাগমারার যুবকের
মোহনগঞ্জ প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রাজশাহীর বাগমারা উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন (৩০) রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে , সিলেটের আখালিয়া সদর দপ্তর থেকে একটি বিজিবির (BGB) পিকআপ ভ্যান তামাবিলের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে করে কোম্পানির কাজে যাচ্ছিলেন সাদ্দাম হোসেন। সারিঘাট এলাকায় পৌঁছালে অনাকাঙ্ক্ষিতভাবে বিজিবির পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাদ্দাম হোসেনের অকাল মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন ও গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিণ জামালপুর গ্রামে চলছে শোকের মাতম। স্থানীয়রা জানান, তিনি একজন পরিশ্রমী ও ভদ্র স্বভাবের যুবক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। সিলেটের তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
