২৯ জুলাই ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবিতে ‘মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে ফরাসি রাষ্ট্রদূতের বক্তৃতা

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাবিতে ‘মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে ফরাসি রাষ্ট্রদূতের বক্তৃতা
বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুধবার (২৯ জুলাই) ‘মিট দ্য অ্যাম্বাসেডর ২০২৬’ অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) বাংলাদেশের যৌথ উদ্যোগে রাবি সিনেট ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম। সেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গার্ডেস। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এ ধরনের সংলাপ শিক্ষার্থী ও কূটনৈতিক মহলের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্ব দীর্ঘদিনের। তা পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। উচ্চশিক্ষা ও গবেষণা, সাংস্কৃতিক বিনিময়, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু অভিযোজন, প্রযুক্তি ও টেকসই উন্নয়নের মতো ক্ষেত্রে এই দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি শিক্ষার্থী ও গবেষকদের বিশ্ব সম্পর্কে কৌতূহলী হওয়ার, বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানার, ভাষা শেখার ও আন্তর্জাতিক পরিসরে নিজেদের দক্ষতা বিকাশের জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম বলেন, বিশ্ববিদ্যালয় কেবল পাঠদান ও সনদ প্রদানের প্রতিষ্ঠান নয়; বরং এটি এমন একটি জ্ঞানচর্চার কেন্দ্র, যেখানে শিক্ষার্থীরা মুক্ত চিন্তা, উদার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল নেতৃত্বের শিক্ষা লাভ করে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও বৈশ্বিক সহযোগিতা সম্পর্কে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ধারণা অর্জনের ক্ষেত্রে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্ববহ। অনুষ্ঠানে রাবি কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন