স্টাফ রিপোর্টার : ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর সাথে রেলওয়ে কর্মচারীর অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ৮ ঘণ্টার রেলপথ অবরোধে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। এতে বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। শনিবার (২৩ জুলাই) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের উপ-পরিচালক (জনসংযোগ) মো: জাহিদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ জুলাই দিবাগত রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এর প্রতিবাদে পরদিন ২১ জুলাই সকাল ৭টা থেকে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে রাখে। ফলে রাজশাহী থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় রেলপথ অবরোধের কারণে মুমূর্ষু রোগী, বিদেশগামী যাত্রী, নারী ও শিশুসহ সাধারণ যাত্রীরা অবর্ণনীয় ভোগান্তির শিকার হন। রেলওয়ে সূত্রে জানা গেছে, এই অবরোধের ফলে বিভিন্ন গন্তব্যের ১০টি আন্তঃনগর এবং ৯টি কমিউটার ট্রেন সর্বনিম্ন ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা ১০ মিনিট পর্যন্ত বিলম্বে চলাচল করে। এছাড়া সার্বিক পরিস্থিতির কারণে ২টি আন্তঃনগর ও ৪টি কমিউটার ট্রেনের যাত্রা পুরোপুরি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এতে বিভিন্ন স্টেশন ও ট্রেনে আটকে থাকা প্রায় ২০ হাজার যাত্রী চরম দুর্ভোগ পোহান। প্রেস বিজ্ঞপ্তিতে যাত্রীদের এই অনাকাঙ্ক্ষিত ভোগান্তি ও দুর্ভোগের জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।