স্টাফ রিপোর্টার : ভিকটিমদের জন্য আরো মানবিক ও সমন্বিত সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় আরএমপির সদর দপ্তরের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভিকটিমদের জন্য দ্রুত, সহজলভ্য ও সমন্বিত সেবা নিশ্চিতকরণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং সেবার মানোন্নয়নে গ্রহণযোগ্য পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ভিকটিমবান্ধব সেবাকে আরও গতিশীল, মানসম্পন্ন ও জনমুখী করতে হবে। ভিকটিমদের প্রতি সংবেদনশীল ও মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত সেবা প্রদানই ভিকটিম সাপোর্ট সেন্টারের মূল লক্ষ্য। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সভায় স্টিয়ারিং কমিটির সদস্যরা ভিকটিম সাপোর্ট কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ প্রদান করেন। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গ্রহণ করা হয়। সভায় স্টিয়ারিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিলসেতারা চুনি, অ্যাডভোকেট ও বিভাগীয় প্রধান, মহিলা আইনজীবী সমিতি; সালেহা পারভিন ডলি, অ্যাডভোকেট ও সদস্য, মহিলা আইনজীবী সমিতি; এস. এম. আহসান উল্লাহ সরকার রিপন, প্রজেক্ট কো-অর্ডিনেটর (এডিসি), অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, রাজশাহী; অ্যাডভোকেট সামিনা, কো-অর্ডিনেটর, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাজশাহী; তুষার চন্দ্র মাহাতো, ক্লিনিক ম্যানেজার, মেরী স্টোপস বাংলাদেশ; খানুজ্জামান, প্রধান, রাজশাহী টেকনিক্যাল স্কুল, ইউসেপ, পবা, রাজশাহী; সামছুন্নাহার মুক্তি, অর্গানাইজেশন ফর লিগ্যাল অ্যাসিসট্যান্স অ্যান্ড রাইটস (ওলার), রাজশাহী এবং তারেক এলাহী, প্রবেশন অফিসার, সিএমএম কোর্ট, রাজশাহী। এছাড়াও সভায় উপ¯ি’ত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুল ইসলামসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় আরএমপির সকল থানার অফিসার ইনচার্জ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।