রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২০ জুলাই) রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ এ্যকাডেমিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণায় উৎকর্ষ অর্জন, ইনোভেশন এ্যন্ড ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপ বৃদ্ধিতে যৌথভাবে কাজ করবে।
রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. ফিরোজ আলী এবং খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষে স্বাক্ষর করেন বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সুমাইয়া শাহরিয়া।
স্বাক্ষর অনুষ্ঠান শেষে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ জানান, বাংলাদেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোকে এক ছাতার নিচে আনার চেষ্টা করা হচ্ছে। এটি সম্ভব হলে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা উপকৃত হবেন এবং শিক্ষা ও গবেষণার গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ আকন্দ, বায়োমেডিকেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলে রাব্বি শাকিল আহমেদ, রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলাম ও ড. দিপ কুমার শাহ, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের লেকচারার সুব্রত সরকার রবিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপদেষ্টা অধ্যাপক কর্ণেল (অব:) ড. মোহাম্মদ নাজমুল আহসান মল্লিক প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি