৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি

প্রকাশিত: ১ জুলাই ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, নওগাঁ : হারিয়ে যাওয়া শখের ও প্রয়োজনীয় মোবাইল ফোনটি আর কোনোদিন ফিরে পাবেন এমন আশা ছেড়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু পুলিশের বিশেষ তৎপরতায় অবসান ঘটল অপেক্ষার। নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ১০১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। হারানো ফোন হাতে পেয়ে আনন্দের বন্যা বয়ে গেছে ভুক্তভোগীদের মাঝে। বুধবার (১ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিগত জুন মাসে নওগাঁর বিভিন্ন থানায় মোবাইল হারানোর প্রেক্ষিতে বেশ কিছু সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপরই পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখা, ক্রাইম এবং ডিবি (গোয়েন্দা) শাখার সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম তদন্তে নামেন। অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষ অভিযান চালিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ১০১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, “মোবাইল ফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ। এতে মানুষের বহু গুরুত্বপূর্ণ তথ্য ও আবেগ জড়িয়ে থাকে। ফোন হারিয়ে গেলে মানুষ যে কী পরিমাণ ভোগান্তিতে পড়েন, তা আমরা বুঝি। হারানো মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমাদেরও ভীষণ আনন্দ হচ্ছে।”
তিনি আরও জানান, নওগাঁ জেলা পুলিশ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি এ ধরনের আইনি সেবা দিতে সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। অনেকদিন পর নিজের হারিয়ে যাওয়া ফোনটি অক্ষত অবস্থায় ফেরত পেয়ে উপস্থিত অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। নওগাঁ পুলিশের এই প্রশংসনীয় উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগী মোবাইল মালিকেরা। উক্ত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন