তোফায়েল আহমেদ, সাপাহার : নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার (২৪ জুন ) ভোর ৪টা ১০ মিনিটের দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীন আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে। খবর পেয়ে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শূন্য লাইনের মধ্যে অবস্থানরত ওই ব্যক্তিদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার পরপরই বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বর্তমানে সংশ্লিষ্টরা শূন্য লাইনের ভেতরে অবস্থান করছেন এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, এ ধরনের পুশ-ইনের অভিযোগের বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী ও কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় কোনো উত্তেজনা ছড়ায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে এফএনএস জানায়, দিনাজপুর সদর উপজেলার বনতারা-গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার সকাল ৬টার দিকে সীমান্তের বনতারা গিলাবাড়ি এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তাদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান জানান, আটক চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি নড়াইল জেলায়। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, তারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে সেখান থেকে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশে ফেরার সময় বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় স্থানীয়দের হাতে আটক হন। তারা হলেন- আকুববর মোল্লা, তার স্ত্রী জাহানারা বেগম, তাদের ছেলে বোরহান মোল্লা এবং আকুববর মোল্লার ভাই রমজান মোল্লা। তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া পৌরসভা এলাকায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।