রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে ঘুঘু পাখির বাচ্চা নামিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম সাজ্জাদ (১৪)। রাজপাড়া থানা পুলিশ জানায়, শনিবার (০৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে উঠে ঘুঘুর বাসা থেকে বাচ্চা নামানোর চেষ্টা করে সাজ্জাদ। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে সে গুরুতর আহত হয়। নিহত সাজ্জাদের বাবার নাম সাজু। তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। বর্তমানে তারা রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার বন্ধগেই মসজিদের পেছনের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে ঘটনাটি সম্পর্কে খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তখন বৈদ্যুতিক খুঁটির তার ও পাশের একটি বাড়ির টিনের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ঝুলে ছিল কিশোরটি। পরে বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
