সংসদের কার্যক্রম গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন মুলতবির পর রোববার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে। এ দিন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বৈঠক বসবে। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। দুই কার্যদিবস চলার পর গত ১৫ মার্চ অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়। ওই দিন থেকে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের এ প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এই সময়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নেবেন। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশনের বৈঠক বসবে। গত ১৪ মার্চ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকে সুসংহত করতে সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করা জরুরি। শনিবার (২৮ মার্চ) বিকালে সংসদ সচিবালয়ে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংসদ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, সংসদের কাজে গতি আনতে হবে। কারণ এটি জনপ্রত্যাশা। বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ বিএনপির দলীয় সংসদ সদস্যরা। এছাড়া সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে বসেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি।-এফএনএস
