এফএনএস : বগুড়ার শাজাহানপুরে যুবলীগ নেতা মজনু প্রামাণিকসহ বিভিন্ন সময়ে একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় করা মামলার আসামি ফোরকানকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। ফোরকান শাজাহানপুর উপজেলাধিন বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের ফুলতলা এলাকার মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের ছেলে।
বগুড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নিহত যুবলীগ নেতা মজনু পরিবারের লোকজন ফোরকানকে হত্যা করেছে বলে দাবি নিহতের পরিবারের। জানা গেছে, গত সোমবার বিকেল ৪টার দিকে ফুলতলা বাজার এলাকায় ফোরকানকে ধাওয়া করে একদল সন্ত্রাসী। দৌড়ে পালানোর সময় রাস্তায় পড়ে গেলে সন্ত্রাসীরা ফোরকানকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে যখম করে। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে মারা যান তিনি। শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এখনও মামলা হয়নি। নিহত ফোরকান দুইটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ছিলেন। দুই পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।