স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার ও পোল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপনে রাজশাহী সিটি করপোরেশনসহ ৫টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে, বরিশাল, মংমনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশন। প্রজ্ঞাপনে বলা হয়েছে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ,২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে নির্বাবর্ণিত ব্যক্তিদের পরবর্তি আদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশের সিটি করপোরেশনের পূর্ণাকালীন প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করা হলো। এদিকে মাহফুজুর রহমান লিটন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ নিয়ে গত দু’সপ্তাহ থেকে চলছিল নানান আলোচনা। কে হচ্ছেন রাসিকের প্রশাসক এ নিয়ে নগরীজুড়েই একটা গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত এই আলোচনা অবসান হলো।
ঢাকাসহ ছয়টি সিটি করপোরেশনের পর এবার বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনেও প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এসব সিটিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিটি করপোরেশনে নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীন। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। তিনি এর আগে মহানগর ছাত্রদল ও যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকন। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী চৌধুরী। আর কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা।
নতুন নিয়োগ পাওয়া পাঁচ প্রশাসক শনিবার (১৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সংসদ ভবনে সরকারপ্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক পদের জন্য মহানগর বিএনপির পাঁচজন নেতার নাম সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ক্রমান্বয়ে আসলেও; রাজশাহী মহানগর বিএনপির তৃণমূলের রাজা হিসেবে সুপরিচিত পাওয়া মহানগর বিএনপির সেক্রেটারি ও সাবেক যুব ও ছাত্র নেতা মাহফুজুর রহমান রিটনের নাম ছিল সর্বাঙ্গে। বিগত সময়ে রাজশাহী বিএনপির কর্মযজ্ঞসহ ফ্যাসিস্ট সরকার বিরোধী সকল আন্দোলনের সম্মুখভাবে অগ্রগামী ভূমিকায় সর্বদাই ছিলেন রিটন। তৃণমূলের নেতাকর্মীদের আত্মার একাংশে সর্বদাই রিটনের নাম উচ্চারিত হতো বলেই সকল কিছুর উর্দ্ধে ছিল রিটনের চাহিদা। দল ও নেতাকর্মীদের জন্য ত্যাগই আজ রাসিকের প্রশাসক পদে তিনি অধিষ্ঠিত হয়েছেন বলে মন্তব্য রাজশাহী মহানগর বিএনপির তৃণমূল নেতাকর্মীদের।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকাসহ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তখন ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, ঢাকা উত্তরে ঢাকা-১৫ আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান, খুলনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুরে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে প্রশাসক করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা শুরু হয়েছে।