নিয়ামতপুর থেকে প্রতিনিধি : বৃহস্পতিবার (১২ মার্চ) পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত নিয়ামতপুর উপজেলার গাবতলী এলাকার মেসার্স দেশ ব্রিকসকে ৩ লক্ষ টাকা, ভাতকুন্ডু এলাকার মেসার্স আঁখি ব্রিকসকে ৪ লক্ষ টাকা এবং চকসিতা এলাকার মেসার্স তিন ভাই ব্রিকস কে ৩ তিন লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। অভিযানে ৩ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৩টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১০ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। ব্যাটেলিয়ান আনসার, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।